আইডিয়া প্রকাশনের অঙ্গীকার
রংপুর ইতিহাসের পাতায় কেবল একটি জেলা নয়; এটি আন্দোলন-সংগ্রামের শহর। ১৮৬৯ সালের ১ মে এখানে গড়ে ওঠে পৌরসভা, যা এই অঞ্চলের আধুনিকতার সূচনায় এক নতুন অধ্যায় রচনা করে। ব্রিটিশ শাসকেরা রংপুরকে ডাকত “অবাধ্য শহর” নামে, কারণ এই মাটিতেই বারবার জ্বলে উঠেছে বিদ্রোহের অগ্নিশিখা। নূরলদীন এখানে জন্ম নিয়ে ঘোষণা করেছিলেন—“জাগো বাহে, কোনঠে সবাই।”
নারী জাগরণের অগ্রদূত, সমাজসংস্কারক ও সাহিত্যিক বেগম রোকেয়ার আবির্ভাবও এই রংপুরেই।
মধ্যযুগের সুফি কাব্যের ধ্রুপদী কণ্ঠ হেয়াত মামুদ, আর রতি রাম দাশ— তাঁদের জীবন ও কর্ম রংপুরকে দিয়েছে অনন্য গৌরবের আসন।
রংপুরের সাহিত্যিক ঐতিহ্যও কম দীপ্ত নয়। ১৮৪৭ সালে, যখন এই ভূখণ্ডের নাম ছিল রঙ্গপুর, তখন এখান থেকেই প্রকাশিত হয় রঙ্গপুর বার্তাবহ—পূর্ববঙ্গের প্রথম সংবাদপত্র। এরও আগে, ১৮৩২ সালে (মতান্তরে ১৮৫৪), প্রতিষ্ঠিত হয়েছিল রঙ্গপুর পাবলিক লাইব্রেরি— যা পূর্ববঙ্গের প্রাচীনতম পাঠাগার হিসেবে আজও ঐতিহ্যের নিদর্শন। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত রঙ্গপুর সাহিত্য পরিষৎ ছিল কলকাতার বাইরে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম শাখা, আর তার পত্রিকা হয়ে উঠেছিল অবিভক্ত পূর্ববঙ্গের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের মহার্ঘ ভাণ্ডার।
এই ঐতিহ্যের ভেতর থেকেই ২০১০ সালে জন্ম নিয়েছে রংপুরের প্রকাশনা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান আইডিয়া প্রকাশন। ২০২৬ থেকে নিয়মিত অমর একুশে বইমেলাসহ দেশ-বিদেশের বইমেলায় অংশগ্রহণ করছে।। এই প্রকাশনা রংপুরের মাটিতে জন্ম নেওয়া এক নবযাত্রা, এক নবজাগরণ। রাজধানীকেন্দ্রিক প্রকাশনার দুনিয়ায় উত্তরবঙ্গের কণ্ঠস্বর দীর্ঘদিন পিছিয়ে থেকেছে। সেই পিছিয়ে থাকাকে অগ্রগামী করতে আইডিয়া প্রকাশন হাত বাড়িয়েছে তরুণ কবি, নতুন লেখক ও নিভৃতচারী গবেষকদের দিকে।
আইডিয়া প্রকাশনের কাছে প্রতিটি বই কেবল মুদ্রিত অক্ষর নয়, একেকটি জীবন্ত সত্তা। বই জন্ম নেয় মানুষের হৃদয়ের গর্ভ থেকে— সেই জন্মের যন্ত্রণা ও আনন্দকে মর্যাদা দিয়ে পাঠকের হাতে পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তাই প্রতিটি বই প্রকাশের আগে থাকে যত্ন, শৈল্পিকতা ও ভালোবাসার দীর্ঘ সাধনা।
এখনও যাত্রা শুরুর পথেই দাঁড়িয়ে আছে আইডিয়া প্রকাশন। কখনো স্থানীয় বইমেলায় পাঠকের উচ্ছ্বাস তাকে উজ্জীবিত করে, আবার কখনো কম বিক্রির হতাশা কানে কানে বলে— “তুই কি টিকতে পারবি?” তবু সে থেমে যায় না। কারণ তার ভেতর ভিড় করে আছে উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, বাঙালিত্বের দর্শন, লোকজ ঐতিহ্য, গ্রামীণ জীবনের আখ্যান এবং সমকালীন তরুণদের কবিতার অগ্নিশিখা।
আইডিয়া প্রকাশন আসলে এক অদৃশ্য সেতু— লেখক ও পাঠকের মাঝখানে হৃদয়ের যোগসূত্র তৈরি করা তার লক্ষ্য। শহরের গণ্ডি পেরিয়ে গ্রামে, আবার গ্রামের ভেতর থেকে শহরে সে বই পৌঁছে দিতে চায়। তার স্বপ্ন, রংপুরের অচেনা তরুণ কবির বই একদিন পৌঁছে যাবে ঢাকা কিংবা দুনিয়ার পাঠকের হাতে; উত্তরবঙ্গের লোকগাথা অনূদিত হয়ে ছড়িয়ে পড়বে বিশ্বমঞ্চে।
সময়, অবহেলা ও কেন্দ্রীকরণের বিরুদ্ধে লড়ে গিয়ে লিখিত শব্দকে টিকিয়ে রাখাই আমাদের অঙ্গীকার। আমাদের স্বপ্ন, বই হবে বন্ধন, আর পাঠক হবে সেই বন্ধনের ওপারে দাঁড়িয়ে থাকা এক প্রসারিত হাত। বই প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা একটি পাঠাগার গড়ে তুলেছি। যেখান থেকে ২৬হাজারের বেশি বই বিনামূল্যে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত পাঠাগারগুলোতে বিতরণ করেছি। আমাদের আইডিয়া পাঠাগারে নিয়মিত বসে মননপাঠের আসর। যেখানে রংপুরসহ দেশ-বিদেশের গুণিজনেরা আসেন মননপাঠের আস্বাদন পেতে…
সাকিল মাসুদ
প্রকাশক
0172697682